সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে মেট্রোরেলের একটি বগি লাইনচ্যুত হয়ে নিচের সড়কে পড়ে যাচ্ছে। ভিডিওটির বর্ণনায় দাবি করা হয়েছে, ঘটনাটি রাজধানীর মিরপুর এলাকায় ঘটেছে। সোমবার (গতকাল) দুপুর পর্যন্ত ভিডিওটি ফেসবুকে প্রায় ৫৬ লাখ বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে অন্তত ১ হাজার ৭০০ বার।

\r\n

তবে ‘রিউমর স্ক্যানার’ টিমের অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো বাস্তব ঘটনার ভিডিও নয়। ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

\r\n

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওটির কয়েকটি দৃশ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভিডিওটির মূল সংস্করণ প্রকাশিত হয়েছিল ‘the.worldai’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, গত ২৩ মার্চ। আলোচিত ভিডিওটির সঙ্গে মূল ভিডিওর মিল রয়েছে, তবে এটি কিছুটা মিরর ইফেক্ট এবং সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।

\r\n

উল্লেখ্য, ‘the.worldai’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিতভাবে বিভিন্ন এআই-নির্ভর কনটেন্ট প্রকাশ করা হয়। ওই ভিডিওতেও এমন কিছু হ্যাশট্যাগ রয়েছে, যা এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টি স্পষ্ট করে।

\r\n

এদিকে, রাজধানীর মিরপুর এলাকায় মেট্রোরেল দুর্ঘটনার কোনো তথ্য বা ঘটনার প্রমাণ গণমাধ্যম কিংবা কোনো দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া যায়নি।

\r\n

সুতরাং, এটি স্পষ্ট যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বাস্তব নয়। এটি একটি এআই দিয়ে তৈরি ভিজ্যুয়াল, যেটিকে মিরপুরে মেট্রোরেল দুর্ঘটনা বলে প্রচার করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

\r\n

পাঠকদের এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার বা বিশ্বাস করার আগে যাচাই করার অনুরোধ করা যাচ্ছে।